ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাড়ে ছয় বছর ধরে লকডাউনে এই ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১২, ৭ মে ২০২০
সাড়ে ছয় বছর ধরে লকডাউনে এই ভারতীয় ক্রিকেটার
২০১১ বিশ্বকাপ জয়ের পর দলের সঙ্গে শ্রীশান্ত

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেকদিন ধরেই ভারতজুড়ে লকডাউন চলছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে সরকার। তবে এই অবস্থার সঙ্গে দীর্ঘদিন ধরেই পরিচিত বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারন শ্রীশান্ত। এই ক্রিকেটার দাবি করেছেন, বিগত সাড়ে ছয় বছর ধরে তিনি লকডাউনে আছেন।

ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জেতেন শ্রীশান্ত। এরপর ২০১৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট মাতিয়েছেন। তার ক্যারিয়ার শেষ হয়ে যায় বড় একটা ভুলের কারণে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ করা হয় তাকে। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন এই ফাস্ট বোলার। 

নিষিদ্ধ হওয়ার পরের জীবনটা বর্তমান লকডাউনের মতোই বলে মনে করেন শ্রীশান্ত। তিনি বলেন, ‘দেখুন সবাই গত এক মাস ধরে লকডাউনে আছে। অনেকেই এতে তাদের কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। কিন্তু আমার পেশার কথা চিন্তা করলে বলা যায় গত সাড়ে ছয় বছর ধরে আমি লকডাউনে আছি। আমি সিনেমা দেখে, টিভি দেখে ও অন্যান্য কাজ করে সময় কাটাচ্ছি। অথচ সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা ক্রিকেটেই আমি নেই!’

স্পট ফিক্সিংয়ের কেলেংকারিতে জীবনটাই এলোমেলো হয়ে গেছে বলে মনে করেন শ্রীশান্ত। তবে এখনো নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তাকে ফাঁসানো হয়েছে বলে এর আগে মন্তব্য করেছিলেন এই ফাস্ট বোলার। প্রথমে আজীবন নিষেধাজ্ঞা দিলেও পরে সেটা কমিয়ে ৭ বছর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!