সবাইকে আপ্লুত করছে নুসরাতের পানি খাওয়ার আকুতি
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গে দেশি বিদেশি সংবাদমাধ্যমগুলো নুসরাত হত্যা মামলার রায় নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করে। সংবাদ মাধ্যমগুলো যার যার আঙ্গিকে সংবাদ প্রকাশ করে। পাশাপাশি সরব ছিল স্যোশাল মিডিয়াও। এরই মধ্যে মৃত্যুর আগের মুহূর্তে পানি খেতে চেয়ে নুসরাতের কাতর আকুতির একটি ভিডিও ফেসবুকের এক পেইজ থেকে বিভিন্ন পেইজে ঘুরে বেড়াচ্ছে। যা দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না।
.png)
ভিডিওতে দেখা যায় নুসরাতের শরীরের ৮০ শতাংশ দগ্ধ। এর মধ্যে ৭০ শতাংশই গভীরভাবে দগ্ধ হয়। এ সময় চিকিৎসকরা তাকে পানি দিতে নিষেধ করেছিলেন।
নুসরাত পানি খাওয়ার করুণ আকুতি জানায়। তখন তিনি ঠাণ্ডা পানি খেতে চান। তার পানি চাওয়ার একটি ভিডিও প্রকাশ হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে আবেগে আপ্লুত করে।
ফেনীর সোনাগাজীতে এক দল হিংস্র মানুষের সঙ্গে নুসরাতের লড়াই শেষ হয় ঢাকা মেডিকেল কলেজে এসে।
পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত ১০ এপ্রিল হার মানে ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে গত ৬ এপ্রিল সকালে পরীক্ষাকেন্দ্রের ভেতরেই তিন তলা ভবনের ছাদে নিয়ে শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।
চারজন বোরকা পরে এ হত্যাচেষ্টায় অংশ নেয় বলে নুসরাত জানায়।
এর আগে ২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় মামলা করলে গ্রেফতার হয় অধ্যক্ষ।
নুসরাতের পরিবারের অভিযোগ, অধ্যক্ষের পক্ষের লোকই পরিকল্পিতভাবে নুসরাতকে হত্যা করতে চেয়েছিল।