ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষার্থীদের বিতর্কের আলো ছড়িয়ে দিচ্ছে ‘সিইউএসডি’

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০
শিক্ষার্থীদের বিতর্কের আলো ছড়িয়ে দিচ্ছে ‘সিইউএসডি’
ছবিঃ ডেইলি বাংলাদেশ

‘যুক্তি বোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে এক দশক ধরে চলছে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর যাত্রা। এই চলার পথটা মসৃন ছিল না সবসময়। যুক্তির যুদ্ধে অন্ধকার ও কুসংস্কার গুড়িয়ে সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সিইউএসডি তৈরি করেছে দেশসেরা বিতার্কিকদের কেমন ছিলো এক দশকের পথচলা? আরো জানাচ্ছেন- রুমান হাফিজ

শুরু যেমন করে

শিক্ষার্থীদের বিতর্কের আলো ছড়িয়ে দিচ্ছে ‘সিইউএসডি’

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের (সিইউএসডি) শুরুটা হয়েছিল ২০০৯ সালে রওশন ফাতেমা মুনের হাত ধরে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল টেবিল আর চার দেয়ালে আটকে না রেখে বিতর্ক প্রতিযোগিতার আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেয়া। ট্রফি ভিত্তিক সংগঠন না হয়ে বিতর্কের অন্তর্নিহিত আদর্শ, পরমতকে শ্রদ্ধা করা এবং সর্বোপরি গনতান্ত্রিক মূলবোধ সম্পন্ন মানুষ তৈরি করা। সেই তর্কযোদ্ধাদের বিতর্ক বাগ্মিতায় মুখর ছিলো জারুলতলা, বুদ্ধিজীবী চত্বর, সুনামি গার্ডেনসহ পুরো ক্যাম্পাস। এই চর্চাকে নিখুঁত সাংগঠনিক রূপ দিতে তাদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতার কারণেই দেশে বিদেশে বিতর্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের এই সফল অবস্থান।

সিইউএসডির আয়োজন

ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিইউএসডির কার্যক্রম সারাবছরই চোখে পড়ে। প্রতিষ্ঠার পর থেকেই সিইউএসডি প্রত্যেক বছর নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে মাসব্যাপী বিতর্ক কর্মশালা। গত দশ বছরের বিতর্ক কর্মশালায় সিইউএসডি হাজারো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছে বিতর্কের আলো। এই বছরের ২৬ জানুয়ারি থেকে সিইউএসডি আয়োজন করতে যাচ্ছে ১১তম থিম্যেটিক বিতর্ক কর্মশালা। এছাড়াও দুইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, একটি ইন্টার ক্লাব বিতর্ক প্রতিযোগিতা, তিনটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন সেমিনারের আয়োজন করেছে সিইউএসডি।

যত অর্জন

ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিইউএসডির বিতার্কিকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের মেধার সাক্ষর রেখেছেন। গেলো বছর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ, নিলস জাতীয় আইন বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ,বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এই সংগঠনের সব সদস্যরা সারা বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ে বির্তক চর্চার পাশাপাশি তাদের নিজ বিভাগেও সফলতার সাক্ষর রেখে চলেছে। আমাদের অগ্রজরা যেমন তাদের কর্মক্ষেত্রে নিজ অবস্থান থেকে সফল, তেমনি বর্তমান সদস্যরা সফল তাদের শিক্ষা জীবনে।

কথা হলো চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর বর্তমান সভাপতি সজল দাসের সঙ্গে। তিনি বলেন, বিতর্ক উপভোগ করার পাশাপাশি আমাদের মাঝে চিন্তা ভাবনা এবং নিজস্ব সংস্কৃতি বিনিময়ের দ্বার উন্মোচিত করে। সেই সঙ্গে চেতনায় ফুটে ওঠে দেশ, মা, মাটি এবং মানুষের সার্বিক কল্যাণ। 

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!