রংপুরে আগুন পোহাতে গিয়ে আরো দুই নারীর মৃত্যু
রংপুর আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ আরো দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম. এ হামিদ পলাশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তারা হলেন নগরীর কটকি পাড়া এলাকার সাকিব উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম এবং আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী আবেদা খাতুন।
এ নিয়ে রংপুরে আগুন পোহাতে গিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। তাদের মধ্যে ৭ নারী ও ২ শিশু রয়েছে।
বার্ন ইউনিট প্রধান জানান, যে দুজন মারা গেছেন তারা গত ৪ জানুয়ারি অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের শরীরের প্রায় ৮০ ভাগ দগ্ধ ছিল। গত দু’দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরো তিন জন নারী ভর্তি হয়েছেন। তাদের একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালের বার্ন ই্উনিটে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।
ডা. পলাশ জানান, এ পর্যন্ত যারা আগুন পোহাতে গিয়ে মারা গেছেন তাদের অধিকাংশই গ্রামাঞ্চলের নারী ও শিশু। সাবধানতার সঙ্গে আগুন পোহালে এ অবস্থা হতো না।