ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় অভিযানে উচ্ছেদ দুই শতাধিক ভাসমান দোকান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
চকরিয়ায় অভিযানে উচ্ছেদ দুই শতাধিক ভাসমান দোকান
চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে বসানো ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালায় উপজেলা ও পৌর প্রশাসন। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা ও পৌর প্রশাসন। এসব দোকানের কারণে শহরে যানজট সৃষ্টি ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছিল। জনদুর্ভোগ কমাতে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, পৌরসভার সচিব ডা. লোকমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরের বিভিন্ন সড়ক দখল করে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসায়ীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ নিয়ে স্থানীয় সচেতন নাগরিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সভায় আপত্তি জানিয়ে আসছিলেন।

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, সড়ক দখল করে বসানো ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে যেন কেউ পুনরায় সেখানে দোকান না বসান, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সড়ক দখল করে দোকান বসালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!