মন খুলে গেয়ে যান, আপনার গান প্রকাশ করবে চিরকুট
সাধারণ মানুষদের মাঝে অনেকেই ভালো গান করেন। কিন্তু সুযোগের অভাবে সেই প্রতিভার বিকাশ ঘটে না। কিন্দু এবার এলো সুবর্ণ সুযোগ। আপনি যদি ভালো গান করেন তাহলে মন খুলে গেয়ে যান। এই গান জনপ্রিয় ব্যান্ড দল চিরকুরের ফেসবুক পেইজে প্রকাশ হবে।
তবে এ জন্য থাকছে একটি শর্ত। হয়তো অবাক হচ্ছেন গান গাইতে আবার কিসের শর্ত? চিরকুটের পক্ষ থেকে শর্ত হিসাবে জানানো হয়েছে- গান গাইতে হবে বারান্দা, ছাদ অথবা জানালার সামনে। ব্যতিক্রমী এ আয়োজনের নাম দেয়া হয়েছে ‘আলোর গান’।
জানা গেছে, একই শিরোনামে একটি গানও তৈরি করছে ব্যান্ড দলটি। যেখানে দর্শক-শ্রোতাদেরও যুক্ত করা হবে।
ব্যান্ড দলটির গায়িকা শারমিন সুলতানা সুমি বলেন, আলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাবন্দি জীবনে এটা আরও দরকার। সে ভাবনা থেকেই এমন আয়োজন। প্রতিটি প্রাণীকুলের জন্যই মুক্ত আকাশ খুব দরকার। এখন তো চাইলেই আকাশের কাছে যেতে পারি না। তাই জানালা, ছাদ বা বারান্দা বেছে নেয়া। এই আলোতে দাঁড়িয়ে মানুষ গান শোনাবেন।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলেও অনেক প্রতিভা আছেন। এই প্রকল্পের মধ্য দিয়ে তারাও ভালো কিছু করার সুযোগ ও অনুপ্রেরণা পাবেন। চিরকুটের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আলোটা ছড়িয়ে দিতে চাই।
এ বিষয়ে আরো জানা গেছে, পুরনো-নতুন যেকোনো গান ভিডিও আকারে পাঠানো যাবে। এগুলো মা, ভাই-বোন, ছোট সন্তান, ভালোবাসার মানুষের সঙ্গে কিংবা একা একাও ইচ্ছে মতো গাওয়া যাবে। সেই ভিডিও পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।