বছরের শুরুতেই সুখবর দিলেন বিপ্লব সাহা
শিল্পসত্ত্বায় পরিপূর্ন একজন মানুষ। একক কোনো পরিচয়ের ছকে বাধা যায়না তাকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার, সঙ্গীতশিল্পী। বলছি ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহার কথা। এ দেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্বব্যাপী মূল্যায়নে তিনি কাজ করছেন দুই যুগের অধিক সময় ধরে।
জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে বিপ্লব সাহা’র প্রথম অ্যালবাম ‘মিউজিক্যালি বিপ্লব সাহা’। এছাড়াও কনক চাঁপা, আবিদা সুলতানা, দিনাত জাহান মুন্নি, কোনাল, কণা, আঁখি আলমগীর, দেবলীনা সুরসহ অনেক শিল্পীর সঙ্গেই তিনি গান করেছেন। নতুন বছরে বিপ্লব সাহা তার ভক্ত শ্রোতাদের জন্য গাইলেন নতুন গান। যার শিরোনাম ‘এ জীবনে তুমি’।
গানটির বিষয়ে বিপ্লব সাহা বলেন, এটি ‘গরীবের বউ’ সিনেমার গান। অনেক পুরনো একটি গান, যেটা খুঁজলেও তেমন পাওয়া যায় না। আমাদের দেশের কিংবদন্তি দুই শিল্পী সৈয়দ আবদুল হাদি ও সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গান নতুন আয়োজনে গেয়েছি আমি। এটা আমার খুবই পছন্দের একটি গান। নিজের ভালো লাগা থেকেই গানটি করেছি। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর সবার ভালোবাসা পাবে।
‘এ জীবনে তুমি’ গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন মনি জামান। স্টুডিও তানপুরায় হয়েছে এই গানের রেকর্ডিং। গানে বিপ্লব সাহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। গানটির কথা লিখেছিলেন মাসুদ করিম, আর সুর করেছিলেন সুবল দাস।
গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। যেটির নির্দেশনায় ছিলেন বিপ্লব সাহা নিজেই। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন উজ্জ্বল রহমান। এতে মডেল হয়েছেন ইয়াসমিন হাবিবা ও মারুফ রহমান তন্ময়। ভিডিওটি নির্মিত হয়েছে কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির ব্যানারে। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে বিশ্বরঙ ইউটিউব চ্যানেল এবং বিশ্বরঙ ফ্যান পেইজে।