ফিরলেন সাদমান, চরম বিপর্যয়ে টাইগাররা
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রির এই টেস্টের মধ্য দিয়ে গোলাপি বলে অভিষেক হলো দু’দলের। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি ন্যূনতম সম্মান না দেখিয়ে আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছে মুশফিক-ইমরুলরা।
ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার প্রতিযোগিতায় একমাত্র আশা দেখাচ্ছিলেন সাদমান ইসলাম। কিন্তু দলীয় ৩৮ রানরে মাথায় তিনিও ফিরলেন প্যাভিলিয়নে। ৫২ বলে ২৯ রান করে উমেশ যাদবের বলে উইকেটের পিছনে ধরা পড়েন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৮ রান।
ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। তবে এই প্রতিরোধ ৭ ওভারের বেশি টিকেনি।
সপ্তম ওভারে ইশান্ত শর্মার তৃতীয় বলেই ইমরুলকে আউট দিয়েছিলেন আম্পায়ার জো উইলসন। তবে রিভিউয়ে দেখা যায় তিনি নট আউট। দুই বল পরেই ফের ইশান্তের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এবার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কায়েস। ফেরেন ৪ রানে।
তার জায়গায় আসা মুমিনুলও ব্যর্থ। টাইগার ক্যাপ্টেন ফিরেছেন কোনো রান না করেই। উমেশ যাদবের বলে রোহিতের ক্যাচ হয়ে আউট হন তিনি। মোহাম্মদ মিথুনও পারেননি রানের খাতা খুলতে। মুখোমুখি দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান তিনি।
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের উপর দায়িত্ব ছিল দলের হাল ধরা। কিন্তু গোলাপি জ্বরে ভুগে তিনিও কোনো রান না করেই ফিরেছেন। শতরান করতে পারাই যেনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।