পাঁচ মিনিটে করোনা পরীক্ষার পদ্ধতি চালু
মাত্র পাঁচ মিনিটেই করোনা পরীক্ষার জন্য একটি পদ্ধতি উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের একটি ল্যাব। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন-ভিত্তিক ল্যাব ‘অ্যাবট ল্যাবরেটরিজ’ একটি বহনযোগ্য (পোর্টেবেল) পরীক্ষা উন্মোচন করেছে যা পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে বলতে পারে যে কারো শরীরে কভিড-১৯ রয়েছে কিনা।
এক বিবৃতিতে অ্যাবট ল্যাবরেটরিজ জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই এই পরীক্ষা পদ্ধতিটিকে স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের জন্য সহজলভ্য করতে জরুরি অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রশাসন (এফডিএ)।
.png)
সংস্থাটি একটি প্রেস বিবৃতিতে বলেছে, একটি টেস্টার আকারের যন্ত্র আণবিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষাটি করে। এছাড়া মাত্র ১৩ মিনিটের মধ্যে এটি পরীক্ষার নেতিবাচক ফলাফলও দেখায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা এমন একটি পরীক্ষা চালু করছি যা মাত্র ৫ মিনিটের মধ্যে কভিড-১৯ শনাক্ত করতে পারে।
অ্যাবটের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার রবার্ট ফোর্ড বলেছেন, পরীক্ষা যন্ত্রটি ক্ষুদ্র আকারের হওয়ায় এটি প্রাদুর্ভাবের হটস্পট এবং একটি হাসপাতালের চার দেয়ালের বাইরে স্থাপন করা যাবে।
ফোর্ড আরো বলেন, অ্যাবট ল্যাবরেটরিজ এফডিএর সঙ্গে একত্রিত হয়ে এই পরীক্ষাটি ভাইরাস সংক্রমিত স্থানে প্রেরণের জন্য কাজ করছেন।
অ্যাবট ল্যাবরেটরিজ আরো জানিয়েছে, পরীক্ষাটি এফডিএ দ্বারা অনুমোদিত হয়নি। এটি শুধুমাত্র অনুমোদিত ল্যাব এবং স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের দ্বারা জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সূত্র: এনডিটিভি