লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ট্রাইব্যুনালের দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আসামিদের হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।
.png)
এ মামলায় মোট ৩৮ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চারজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ৩৪ জন এখনো গ্রেপ্তার হননি।
পলাতক ৩৪ আসামির মধ্যে খায়রুজ্জামান লিটন ছাড়াও রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ায় এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার পর ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এর আগে গত ১৮ আগস্ট এই মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২ এবং ৩০ জুলাই রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারী রায়হান আলী ও আনজুম সাকিব নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।