হলি আর্টিজান মামলায় ৬ আসামির খালাসের আবেদন
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ছয় আসামির খালাসের আবেদনের শুনানি এখনো হয়নি। উচ্চ আদালতে করা তাদের আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশিসহ ২২ জন জিম্মি, দুই পুলিশ কর্মকর্তা ও এক বেকারি কর্মী নিহত হন। পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ পাঁচ জঙ্গি নিহত হয় এবং ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।
.png)
হামলার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ২০১৯ সালে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেন।
পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে ২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট সাত আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে দণ্ডপ্রাপ্ত ছয় আসামি নিজেদের খালাস চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন। বর্তমানে সেই আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
হলি আর্টিজান হামলায় নিহতদের স্বজনরা আসামিদের খালাসের আবেদনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার চূড়ান্ত নিষ্পত্তির দিকে তাকিয়ে রয়েছেন তারা।