ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

নৃত্যশিল্পী হাসান ইমাম মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯, ১৬ মে ২০২০
নৃত্যশিল্পী হাসান ইমাম মারা গেছেন
নৃত্যশিল্পী হাসান ইমাম। ছবি: ফাইল ছবি

নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক সভাপতি হাসান ইমাম মারা গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মগবাজার ডাক্তার গলির নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

তার বোন শ্যামলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় হাসান ইমামের বোন। তার ঠিক তিনদিন পরেই মারা যান তিনি। শুক্রবার বোনের মিলাদে অংশ নিতে গিয়ে মসজিদের সিঁড়িতে পড়ে গেলে তাকে বাসায় নেয়া হয়। পরে অ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা এখনো জানা যায়নি।

তবে পরিবারের সদস্যরা দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সবশেষ পাঁচ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন হাসান ইমাম।

এদিকে নমুনা সংগ্রহ করার আগেই এশার পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম হিরু।

বিক্রমপুরে জন্ম নেয়া হাসান ইমামের শৈশব-কৈশোর কেটেছে মগবাজারে। স্বাধীনতার পরপর বুলবুল ললিতকলা একাডেমি থেকে নৃত্যের উপর পড়াশোনা সম্পন্ন করে পেশাদার নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়েন।

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় এ নৃত্যশিল্পী পল্লীকবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ নৃত্য-নাটকে কাজ করে প্রশংসিত হয়েছেন।  তিনি বিয়ে করেছেন আরেক নৃত্যশিল্পী শামীম আরা নিপাকে। নব্বইয়ের দশকের শেষভাগে নিপার সঙ্গে বিচ্ছেদের পর নাচ থেকে ক্রমান্বয়ে নিজেকে গুটিয়ে নেন হাসান ইমাম। তারপর আর তিনি বিয়ে করেননি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!