নিরাপদ আশ্রয়ে বিরল প্রজাতির মেছো পেঁচা
সিরাজগঞ্জের শাহজাদপুরে আহত বিরল প্রজাতির একটি খয়রা রংয়ের মেছো পেঁচা উদ্ধার করেছে ‘দি বার্ড সেফটি হাউস’।
মঙ্গলবার বিকেলে উপজেলার খুকনী খোলাপাড়া থেকে পাখিটিকে উদ্ধার করেন সংগঠনটির চেয়ারম্যান মামুন বিশ্বাস। পরে বুধবার দুই ডানা ভাঙা অসুস্থ্ পেঁচাটিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন তিনি।
দি বার্ড সেফটি হাউস’র চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, খুকনী খোলাপাড়ায় ডানা ভাঙা একটি পেঁচাকে ঠোকর দিচ্ছেল কয়েকটি কাক। ওই সময় স্থানীয় কয়েক যুবক পেঁচাটিকে উদ্ধার করে। পরে ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শেয়ার করে। বিকেলে সেই পোস্টটি দেখে ঘটনাস্থলে পৌঁছে পেঁচাটিকে উদ্ধার করা হয়। পেঁচাটির দুই ডানা ভাঙা থাকায় উড়তে পারছে না। ঠিক মতো খেতেও পারছে না।
.png)
তিনি আরো জানান, এটি বিরল প্রজাতির খয়রা মেছো পেঁচা। এটির আকার চিলের মতো। ৫৬ সেন্টিমিটার হালকা খয়েরি দেহ। সমান্তরাল ও ভোঁতা কান ঝুঁটি। মাথা, কাঁধ-ঢাকনি ও ডানা-ঢাকনি অতি সরু কালচে-বাদামি দাগ। কপালে সরু সাদাটে লাইন। ডানার প্রান্তে সারি সারি কালো লাইন। গভীর ও ফাঁপা কন্ঠে ডাকে ‘বু-বুম’। এগুলো সাধারণত দক্ষিণাঞ্চলের দিকে দেখা যায়। হয়তো খাবারের সন্ধানে পেঁচাটি এদিকে চলে এসেছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা শেষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে পেঁচাটিকে হস্তান্তর করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলে, ড্রেসিং করে পাখিটিকে ইনজেকশন দেয়া হয়েছে। এছাড়া পাঁচদিনের ওষুধ দিয়ে দেয়া হয়েছে।