ধন-সম্ভ্রম নিয়ে বিয়ে করতে অস্বীকৃতি, মুখে বিষ ঢাললেন তরুণী
শরীয়তপুরে ধন-সম্ভ্রম নিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকের সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক প্রেমিকা।
বুধবার জেলার নড়িয়ার নওপাড়া ইউপির জয় বাংলা বাজারে এমন ঘটনা ঘটেছে। এরপর গুরুতর আহত প্রেমিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নড়িয়ার নওপাড়া ইউপির হাওলাদার কান্দি গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম। ২০১৯ সালের জানুয়ারি মাসে তার সঙ্গে মোবাইলে রং নম্বরে বন্ধুত্ব স্থাপনের পর প্রেমের জড়ান ভুক্তভোগী তরুণী।
ভুক্তভোগী তরুণী দাবি, প্রেমের কারণে তাদের মধ্যে অনেকবার শারীরিক সম্পর্ক হয়। এছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে স্বর্ণসহ এক লাখ টাকা হাতিয়ে নেন সাইফুল। কিন্তু হঠাৎ তাকে রেখে নিজ গ্রামের এক মেয়েকে বিয়ে করতে চান তিনি। সেই সংবাদ শুনে তাকে বিয়ের কথা বলেন তরুণী। তবে তাকে বিয়ে করতে অস্বীকার করেন সাইফুল। এ নিয়ে মঙ্গলবার রাতে প্রেমিক-প্রেমিকার মধ্যে ঝগড়া হয়। পরের দিন সকালে বাড়ি থেকে বের হয়ে জয় বাংলা বাজারের সাইফুলের খাবার হোটেলের সামনে যান তিনি। সেখানে সবার সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী।
এদিকে অভিযুক্ত সাইফুলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার সঙ্গে কথা বলা যায়নি।
জয় বাংলা বাজারের হোটেল ব্যবসায়ী আফজাল কবিরাজ বলেন, সকালে সাইফুলের শরীরের ওপর একটি মেয়েকে ঢলে পড়তে দেখি। তখন সাইফুল পালিয়ে যায়। পরে আমরা কয়েকজন মিলে মেয়েটিকে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত রিজোয়ানা বলেন, বিষপান করা মেয়েটির চিকিৎসা দিয়েছি। এখন অনেকটা সুস্থ রয়েছেন তিনি।
জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করা, টাকা-স্বর্ণ নেয়ার ঘটনা প্রতারণার সামিল। মেয়েটির ইচ্ছানুযায়ী আমরা আইনি সহায়তা দিতে প্রস্তুত।
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি জেনেছি। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।