ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ খবর ]

টোকাইয়ের ফোনে খাবার নিয়ে হাজির ইউএনও

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ৩ এপ্রিল ২০২০
টোকাইয়ের ফোনে খাবার নিয়ে হাজির ইউএনও
খাবার নিয়ে ওই নারীর বাড়িতে ইউএনও (ছবি: ডেইলি বাংলাদেশ)

‘স্যার, ঘরে খাবার নাই। বাচ্চাদের নিয়া অনেক কষ্টে আছি। সকালে ওদের বিস্কুট খাইতে দিছি। যদি পারেন আমাদের সাহায্য করেন।’ শুক্রবার সকালে মানিকগঞ্জ সদরের ইউএনও মো. ইকবাল হোসেনের মুঠোফোনে কল করে এভাবেই কথাগুলো বলেন এক নারী টোকাই। কথাগুলো শুনে নাশতা না করেই চাল-ডাল নিয়ে ওই নারীর বাড়িতে হাজির হন তিনি।

ওই নারীর বাড়ি পৌরশহরের লঞ্চঘাট এলাকায়। তিনি কাগজপত্র কুড়িয়ে বিক্রি করে সংসার চালান। ছোট দুই সন্তান নিয়ে একটি ভাঙা ঘরে থাকেন ওই নারী।

ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন ওই নারী। বন্ধ হয়ে গেছে তার আয়-রোজগার। কোনো উপায় না দেখে ফোন করে সহযোগিতা চেয়েছেন। পরে ওই নারীর বাড়িতে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল পৌঁছে দেয়া হয়।

তিনি আরো বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরপরও কেউ খাবারের জন্য ফোন করলে বাড়িতে পৌঁছে দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!