‘ছেলেরা এমনই হয়’
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় তার। তবে বিশেষ দিবসের নাটক-টেলিফিল্মে দেখা মিলে এ অভিনেত্রীর। আর তাই আগামীকাল (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘ছেলেরা এমনই হয়’তে অভিনয় করেছেন তিনি।
ইমরাউল রাফাত পরিচালিত এ নাটকটির শুটিং গেল ২ ও ৩ মার্চ রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজ ও তার পাশ্ববর্তী এলাকায় শেষ হয়েছে। নাটকটিতে তিথি চরিত্রে অভিনয় করেছেন তিশা এবং শামীম হাসান সরকার অভিনয় করেছেন সৌরভ চরিত্রে।
কিছুটা কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে নির্মাতা ইমরাউল রাফাত অনেক বেশি আশাবাদী। কারণ নাটকটির শেষপ্রান্তে দর্শকের জন্য একটি বার্তাও থাকছে।
.png)
তিশা বলেন, ভালো একটি গল্পের নাটক। অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্রকে প্রাধান্য দিয়ে আসছি। এই নাটকটিও তেমনি।
শামীম হাসান সরকার বলেন, নূসরাত ইমরোজ তিশা আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজটা ভীষণ উপভোগ করেছি। শুটিংয়ের সময় আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে তিনি আমাকে খুব সহযোগিতা করেছেন। আমি জানি না দর্শকের কাছে নাটকটি কতটা উপভোগ্য হয়ে উঠবে, তবে তার সঙ্গে ভবিষ্যতে আরো ভিন্ন ধরনের গল্পে কাজ করার আগ্রহ আছে আমার।
নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ রাত ০৯ টা ০৫ মিনিটে বাংলাভিশনে নাটকটি প্রচার করা হবে।