ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চীন থেকে সুতার বদলে কনটেইনারে এলো বালু!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২০
চীন থেকে সুতার বদলে কনটেইনারে এলো বালু!
ছবি: সংগৃহীত

চীন থেকে আমদানি হওয়া দুটি কনটেইনারে পলেস্টার সুতার বদলে পাওয়া গেছে বালুর বস্তা। সোমবার চট্টগ্রাম বন্দরের ‘ওভারফ্লোইয়ার্ড’ থেকে কনটেইনার দুটি খুলে বালুর বস্তা শনাক্ত করেছেন কাস্টমস কর্মকর্তারা।

তারা জানান, ঘোষণা বহির্ভূতভাবে কৌশলে বালু এনে বিদেশে টাকা পাচার করা হয়েছে। এর আগে গত ২৪ জানুয়ারি একই আমদানিকারকের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টমস হাউসে দুইটি বিল অব এন্ট্রি দাখিল হয় গত ২২ জানুয়ারি। এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ডলার এবং ২৪ হাজার ১৯২ ডলার। এ প্রতিষ্ঠানের ঘোষণা ছিল পলেস্টার সুতা। কিন্তু ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটিতে পাওয়া গেছে বালুর বস্তা। পণ্যের রফতানিকারক প্রতিষ্ঠান চীনের জিংতাই ইয়ামিঝি টেক্সটাইল।

Advertisement

তারা আরো জানান, একটি কনটেইনারে বালু থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পর অপরটি খোলা হয়। এক একটিতে ৯৭৭ বস্তা করে বালু পাওয়া যায়। এর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি কনটেইনারে বালু পাওয়া যায়। 

চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বন্দরের ইয়ার্ডে গিয়ে কনটেইনারটি শনাক্ত করি। সেখানে তল্লাশিতে সুতার পরিবর্তে বালু পাই। বালুগুলোর নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা করা হবে। এরপর কাস্টম আইনে মানি লন্ডারিং মামলা করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!