ঘরের পাঁচ জিনিস অপরিষ্কার থাকলেই বিপদ!
করোনার কালে ঘরই এখন একমাত্র নিরাপদ স্থান। তবে তা নিরাপদ তখনই থাকবে যখন এটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। সাধারণত সবাই কম-বেশি ঘর গুছিয়ে রাখতে পছন্দ করেন। তবে এই মহামারির সময় ঘরের বিশেষ কিছু জিনিস প্রতিদিন পরিষ্কার করা জরুরি।
ব্যস্ততার কারণে আমরা অনেকেই ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার রাখতে পারি না। জানেন কি, এই একটি ভুল অভ্যাসই আপনাদের বিপদে ফেলবে। বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ ঘটাতে পারে এই অপরিষ্কার জিনিসগুলো। চলুন তবে জেনে নেয়া যাক ঘরের কোন জিনিসগুলো অবশ্যই পরিষ্কার রাখা জরুরি-
মোবাইল ফোন
গবেষকদের মতে, পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত সামগ্রী হলো স্মার্টফোন। কারণ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত স্মার্টফোন হাতেই থাকে। এতে নানা রকমজীবাণু মোবাইলে থেকে যায়। মোবাইল নিশ্চয়ই আপনি প্রতিদিন পরিষ্কার করেন না। তাই এর মাধ্যমেও আপনার দেহে জীবাণু প্রবেশ করতে পারে। তাই নিজেকে সুস্থ রাখতে মোবাইল ব্যবহারের পর হাত ধুয়ে নিন। তা না হলে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন।
রিমোট
অবসর সময় কাটাতে টিভি দেখছেন নিশ্চয়ই। টিভি দেখতে রিমোটের ব্যবহার হয়েই থাকে। যা সচারচর পরিষ্কার করা হয় না। বারবার হাত বদলের কারণে এতে জীবাণু বাসা বাঁধে। আর সেই রিমোট ধরা হাতেই আপনি খাবার খান বা কখনো কখনো মুখেও হাত দেন। বিপদ এড়াতে চাইলে হালকা ভিজা কাপড় দিয়ে প্রতিদিন এসি, টিভির রিমোট পরিষ্কার করুন।
হাতল এবং তালা
ঘরের দরজা সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। নানা রকম চেনা-অচেনা মানুষ এসে দরজার হাতল কিংবা তালাতে হাত দেন। দেখা যায় হাতল ধরে দরজা খোলার পর সেই হাত আর ধোয়া হয় না। জানেন কি, এতে নিজের কত বড় বিপদ হতে পারে। এতে নানা রকম জীবাণু দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। হতে পারে এর মাধ্যমে আপনার শরীরে করোনাভাইরাসও প্রবেশ করতে পারে। তাই প্রতিদিন দরজার হাতল এবং তালা পরিষ্কার করুন।
মেকআপ ব্রাশ
সাজগোজ মানেই মেকআপ। আর মেকআপ করতে গেলে ব্রাশ তো লাগবেই। তবে এই ব্রাশ যদি পরিষ্কার না থাকে তবেই বিপদ। অপরিষ্কার ব্রাশ ব্যবহারে মুখে ব্রণ হয়। তাই প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করুন মেকআপ ব্রাশ। এই অভ্যাস না করতে পারলে ত্বকের সমস্যা কখনোই কমবে না।
ঘরের মেঝে বা টাইলস
প্রতিদিন ঘরের মেঝে পরিষ্কার করাও জরুরি। কারণ বাইরে থেকে নানান জীবাণু জুতার মাধ্যমে ঘরে প্রবেশ করতে পারে। তাছাড়া জুতার মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। তাই নিজেকে ও পরিবারকে রক্ষা করতে মেঝে বা টাইলস পরিষ্কার রাখুন।