তিনটি ইউনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। আর এই ইউনিটগুলো হলো ‘এ’, ‘বি’, এবং ‘সি’। ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ২৪০। ২০০ আসন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য। ৪০ আসন বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ‘সি’ ইউনিটে পরীক্ষার্থীদের ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষার বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, হিসাব বিজ্ঞানে ২৫ এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫ নাম্বারের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাশ নাম্বার ৪০, তবে ইংরেজিতে কমপক্ষে ১২ পেতে হবে।
.png)
মো. রিয়াদ শাহরিয়ার রিয়াজ, রূপালী ব্যাংক লিমিটেডে অফিসার পদে কর্মরত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী। ‘সি’ ইউনিটে টিকতে তার পরামর্শ।
১. তোমরা শুরুতেই বিগত সালের প্রশ্নগুলোর ভালোভাবে সমাধান করবে। বিগত সালের প্রশ্নগুলো পড়ার সময় খেয়াল করলে দেখবে কিছু কিছু বিষয়ের ওপর প্রশ্ন বেশি হচ্ছে, বিষয়গুলোর ওপর জোর দিয়ে প্রস্তুতি নিতে হবে।
২. বাংলার জন্য প্রথমেই ৯ম-১০ম শ্রেণির বাংলা ২য় পত্র বইটি ভালোভাবে পড়তে হবে। কারণ এ বই থেকেই প্রশ্ন বেশি হয়। এ ছাড়া সাহিত্য অংশের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বইগুলো ভালোভাবে খুঁটিনাটিসহ পড়তে হবে।
৩. ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব ইউনিটে ৪০ পাশ নাম্বার হলেও ‘সি’ ইউনিটে ইংরেজিতে অবশ্যই কমপক্ষে ১২ পেতে হবে। তাই এই বিষয়ে অবশ্যই ভালো করতে হবে। ইংরেজিতে সাধারণত ভোকাবুলারি ও ব্যাকরণ থেকেই প্রশ্ন বেশি হয়। সাহিত্য থেকে তেমন প্রশ্ন হয় না। তাই ভোকাবুলারি সম্পর্কিত একটি বই ভালোভাবে শেষ করতে হবে। ব্যাকরণের জন্য চৌধুরী অ্যান্ড হোসেনের ‘অ্যাডভান্স ইংলিশ গ্রামার’ বইটা পড়লেই যথেষ্ট।
৩. হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ভালো করতে হলে হিসাব বিজ্ঞানের বিভিন্ন অঙ্ক দ্রুত সমাধানের চর্চা করতে হবে। অনুপাত বিশ্লেষণে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া বিগত সালের প্রশ্নগুলোর আলোকে তাত্ত্বিক বিষয়গুলোর খুঁটিনাটি মনোযোগ দিয়ে পড়তে হবে।
৪. বিজ্ঞান বিভাগ থেকে যারা ‘সি’ ইউনিটে পরীক্ষা দিবে তাদের বাংলা ও ইংরেজির পাশাপাশি গণিতে ৫০ নাম্বার উত্তর করতে হয়। এতে অনেকেই ভয় পেয়ে যায়, আবেদনই করতে চায় না। কিন্তু সত্যিকার ব্যাপার হলো বেশি কঠিন গণিত-সমস্যা আসে না। তাই যাদের গণিতের মৌলিক বিষয়ে ভালো জ্ঞান আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরীক্ষায় তোমরাই এগিয়ে থাকবে।
৫. মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে বাংলা, ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞানে ৫০ নম্বর উত্তর করতে হয়। তাই তাদেরকে সাম্প্রতিক সময়ের সাধারণ জ্ঞান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, নোবেল পুরস্কার, বিভিন্ন প্রণালী, দিবস ইত্যাদিতে জোর দিয়ে পড়তে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির অন্যান্য বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে বিগত সালের প্রশ্নগুলোর সাপেক্ষে।
ডেইলি বাংলাদেশ/জেডএম