কারাগারে হঠাৎ অসুস্থ কয়েদি, হাসপাতালে নেয়ার আগে মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন সুলতান খাঁ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি।
শুক্রবার রাতে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন।
সুলতান খাঁ ফরিদপুরের নগরকান্দা থানার রাহুতপাড়া এলাকার জয়নাল খাঁর ছেলে। সে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দী ছিল।
.png)
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলায় সুলতান খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর তিনি ২০০৪ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী। তার কয়েদি নম্বর ১৫৯৭/এ।
তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে দ্রুত তাকে টঙ্গী সরকারি শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সুলতান খাঁ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে শনিবার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুলতান খাঁর মৃত্যু হয়েছে।