করোনার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ ঘোষণা
চীন থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস ঠেকাতে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন এক ঘোষণায় সরকারের সকল সংস্থাকে সংকট মোকাবেলায় ২৪ ঘন্টাই তৎপর থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, পুরো দেশই এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে।
বিশ্বে চীনের পর সবেচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজারে।
তবে সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় কনসার্ট ও ক্রীড়ানুষ্ঠান সহ অনেক ধরণের আয়োজন হয় বাতিল না হয় স্থগিত করা হয়েছে। এছাড়া দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
দেশটিতে মঙ্গলবার আরো ৪৭৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। এছাড়া আরো দুই জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনার প্রভাবে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ভয়াবহ এই পরিস্থিতি মোকাবেলায় সরকার অর্থনীতিতে ২ হাজার ৫শ কোটি মার্কিন ডলারের বেশি সরবরাহ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।