আফ্রিদির রেকর্ড ভাঙলেন মালিঙ্গা
পাকিস্তানের লেগ স্পিনার শহীদ আাফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২ উইকেট নিয়ে পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদির এই রেকর্ড ভেঙে দেন তিনি।
শহীদ আফ্রিদিকে টপকে এখন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারি ইয়র্কার মাস্টার লাসিথ মালিঙ্গা।
৯৮ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন আফ্রিদি। পাকিস্তানি সাবেক স্পিনারকে টপকে মালিঙ্গার নামের পাশে এখন ৯৯ উইকেট। আর এক উইকেট পেলে টি-টুয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি হবে।
.png)
পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে লঙ্কানরা। জবাবে নিউজিল্যান্ড ৫ উইকেট আর ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
লঙ্কানদের শুরুটা হয়েছিল দারুণ। কুশল মেন্ডিস ও পেরেরা মিলে ৪.২ ওভারেই এনে দেন ৪১ রান। ১১ রানে পেরেরা ফিরে গেলেও রান বাড়ানোর কাজটা চালিয়ে গেছেন মেন্ডিস। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৯ করে আউট হয়েছেন ডানহাতি ওপেনার মেন্ডিস। ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ করেন নিরোশান ডিকেভেল্লা।
নিউজিল্যান্ডের ৩৯ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান তুলে দলকে ম্যাচে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও অভিজ্ঞ রস টেলর। ২৮ বলে ৪৪ করে গ্র্যান্ডহোম মালিঙ্গার বলে বোল্ড হলে ম্যাচ খানিকটা হেলে পড়ে স্বাগতিকদের দিকে।
কিন্তু টেলরের ২৯ বলে ৪৮, মিচেলের ১৯ বলে অপরাজিত ২৫ আর স্যান্টনারের ৮ বলে অপরাজিত ১৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।
ডেইলি বাংলাদেশ/সালি