ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় ভেঙে গেল তিনটি জীবনের স্বপ্ন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ৭ মে ২০২০
ট্রাকের ধাক্কায় ভেঙে গেল তিনটি জীবনের স্বপ্ন
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

নানা বাড়ি থেকে ছেলে আসিফ ও মেয়ে রওজাকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা লিটন মণ্ডল। ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নিমিষেই তিনটি জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় ছেলে-মেয়েসহ পা হারিয়েছেন বাবা লিটন মণ্ডল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার লিটন মণ্ডল বগুড়ার শেরপুর ঘোষপাড়ার নবির মণ্ডলের ছেলে। তার শেরপুর বাজারে চায়ের দোকান রয়েছে।

পা হারানো লিটন মণ্ডলের স্বজনরা জানান, ছেলে আসিফ ও মেয়ে রওজা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তাদেরকে নিয়ে বাবা লিটন মণ্ডল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে তিনজনেরই ডান পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে হঠাৎ করে রাস্তার ডান পাশে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শাজাহানপুর থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!