এক টিকিটে বিশ্ব ভ্রমণের সুযোগ!
একটি টিকিট কাটলেই সারাবিশ্ব দেখার সুযোগ পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ‘গ্লোবাল ভিলেজ’-এ। মূলত, এটি ‘মিনি বিশ্ব’, এর ভেতরেই বিভিন্ন দেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা দ্বারা নির্মাণ করা হয়েছে।
গ্লোবল ভিলেজ শিরোনামের এই আয়োজন হচ্ছে প্রায় ২৩বছর ধরে। এখানে বিশ্বের নানা দেশের আলাদা আলাদা প্যাভিলিয়ন রয়েছে। প্রতিটি প্যাভিলিয়নে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। বিশ্বগ্রাম আমাদের দেশের বাণিজ্য মেলার মতো হলেও রয়েছে বিস্তর পার্থক্য। শীতের মৌসুমে ছয় মাসের জন্য বসে এই আন্তর্জাতিক মানের মেলা। বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য বিশ্বগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিদিন হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। মেলার মাঝ মাঠে দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে বিশাল মঞ্চ। এই মঞ্চ বিশ্বের নামকরা সব শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকে। গান, নৃত্য, মঞ্চ নাটকের পাশাপাশি শিশুদের জন্য পরিবেশিত হয় আকর্ষণীয় সার্কাস। আরও পরিবেশিত হয় মেলায় প্যাভিলিয়ন নিয়ে অংশ নেয়া দেশগুলোর রাজধানীর নামের গান, সঙ্গে থাকে সেই শহরের আলোকচিত্র। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই মেলা।
ডেইলি বাংলাদেশ/এনকে