ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

অস্ট্রেলিয়ার কাছেও হারল বাংলাদেশ, রিয়াদ ঝড় বৃথা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩, ৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছেও হারল বাংলাদেশ, রিয়াদ ঝড় বৃথা
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষেও জিততে পারল না। আজ বাংলাদেশকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের তোলা ২০৩ রানের জবাবে টাইগারদের ইনিংস থেমেছে ১৬৬ রানেই।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার।

চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন বার্নস। এরপর ক্রিজে আসেন কালাম ফার্গুসন। ওয়ার্নার এবং ফার্গুসনের জুটিতে ভর করে গতি পায় অজিদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। ফিফটি ছুঁয়ে ফেলেছেন ওয়ার্নার।

৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক প্রান্তে টিকে ছিলেন ফার্গুসন। ফিফটিও তুলে নিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ছাল তুলেছেন তিনি। রান বের করেছেন দ্রুত গতিতে। শেষ দিকে বেন ডাঙ্কও ছিলেন দারুণ সাবলীল। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। অজিরা ছুটেছে দুশ রানের পুঁজির দিকে। ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফার্গুসন, দলের রান তখন ১৭৭। শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ডাঙ্ক। ২৪ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট তুলেছেন রুবেল হোসেন।

জবাব দিতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রনি। ইমরুল টিকে ছিলেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছুটেছেন দারুণ গতিতে। ইমরুল-রাব্বির ব্যাটে ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ।

দলের ৭১ রানের মাথাতে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমরুল। ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি, মিস করেছেন ফিফটি। পরের ওভারেই ফিরেছেন রাব্বি। ২০ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি। এরপর যেন ধস নামে বাংলাদেশের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন রিয়াদ। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি।

ফিফটির পরেও চলেছে রিয়াদের তাণ্ডব। দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। শেষ দিকে জয়ের আশা ছিল না বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৫১ রান, বাংলাদেশ নিতে পেরেছে ১৩ রান। ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে টাইগাররা, ৩৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া। রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সাথে হাঁকিয়েছেন ৮ ছক্কা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!