বুধবার (১ জানুয়ারি) সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের সকল খেলোয়াড় ফটোসেশনে অংশ নিতে মাঠে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
ফারুক আহমেদ বলেন, ‘আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।’
.png)
‘আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না।’
অতীতে দেখা গেছে ক্রিকেটারদের নিয়ে বোর্ড কর্তা নানা রকমের মন্তব্য করে বসতেন। এসবে লাগাম টানতে চান ফারুক। খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন।
‘কিছু জিনিসে আমি জোর দিয়েছি, যেমন ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে এটা নিয়ে আমি বলেছি যে কিছুই বলা যাবে না কারো। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে, আগে দেখতাম ওরা ফেসবুক স্ট্যাটাস দিতো, এগুলো এখন কমেছে।'
‘আমার মনে হয় একটা অর্গানাইজেশনে এই কোঅর্ডিনেশনটা খুবই প্রয়োজন, আমরা তো এক সঙ্গেই কাজ করি। যেমন আপনারা স্পোর্টস সাংবাদিক, আপনারা তো সমালোচনা করবেনই। তো এটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদেরও সুবিধা হয়।’