ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে মুম্বাইয়ের সঙ্গে ছিলেন না সূর্যকুমার যাদব। দীর্ঘদিনের পুনর্বাসন শেষে এবার দলে ফিরতে যাচ্ছেন তিনি। আইপিএলে খেলার জন্য তাকে ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। এবার দলের সঙ্গে যোগ দেওয়ার পালা।
আগামী রোববার ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক মুম্বাই। সেই ম্যাচ দিয়েই আইপিএলে প্রত্যাবর্তন হতে পারে সূর্যের। তবে তিনি দলে যোগ দিয়েছেন কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
.png)
সূর্যকুমারের প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘তিনি (সূর্য) এখন ফিট। এনসিএ তাকে কিছু অনুশীলন করতে বাধ্য করেছিল এবং তাকে এখন ভালো মনে হচ্ছে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেন। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে সূর্য যখন মুম্বাইয়ে ফিরে যাবে, তখন তিনি যেন ১০০ শতাংশ ফিট থাকেন।’
প্রসঙ্গত, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন সূর্যকুমার। পরে তার স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার করা হয়। তিন মাসেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার ফেরার খবরে স্বস্তির হাওয়া বইছে মুম্বাই শিবিরে।