আইপিএলে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে টাইগার এই পেসার শিকার করেছেন সাত উইকেট। জরুরি কাজে হঠাৎ করেই আইপিএল থেকে বিরতি নিতে হয়েছে মুস্তাফিজকে। জানা গেছে, টি-২০ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে মঙ্গলবার দেশে ফেরেন তিনি।
মুস্তাফিজের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পাঁচ থেকে ছয় দিন লেগে যেতে পারে। এক্ষেত্রে চেন্নাইয়ের জার্সিতে ৫ ও ৮ এপ্রিলের ম্যাচ দুটি খেলার সম্ভাবনা খুবই কম ফিজের। তবে আগামী ১৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ।
.png)
আইপিএল খেলার জন্য বিসিবি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন বাঁহাতি এই পেসার। ৩০ এপ্রিল দেশে ফিরতে না হলে ৯টি ম্যাচ খেলার সুযোগ পেতেন মুস্তাফিজ। বর্তমানে বাংলাদেশে থাকায় ৫ ও ৮ এপ্রিল হায়দরাবাদ ও কলকাতার বিপক্ষে খেলা হবে না তার।
ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মুস্তাফিজের পাসপোর্ট জমা থাকবে। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আজ বায়োমেট্রিক্স সম্পন্ন করা হবে। পরের দুই দিন সপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সোমবারের আগে পাসপোর্ট হাতে নাও পেতে পারেন মুস্তাফিজ।
১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স, ১৯ ও ২৩ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে আর ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ। ঢাকার কাজ শেষ করে ভারতে ফিরে এই চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশি পেসার।
জিম্বাবুয়ে সিরিজ থাকায় আইপিএল অভিযান শেষ করে ৩০ এপ্রিলের মধ্যে দেশে ফিরতে হবে তাকে।