বিসিবি নির্বাচক হান্নানের মা আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকারের মা ফরিদা আক্তার। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, লম্বা সময় ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাবেক টাইগার ক্রিকেটার হান্নানের মা।
এর আগে গণমাধ্যমকে হান্নান বলেছিলেন, ‘তার মা আইসিউতে রয়েছেন। বলছিলেন অবস্থা আরো খারাপ হলে, নিতে হতে পারে লাইফ সাপোর্টে।’ এর দু’দিন পর আজ না ফেরার দেশে পাড়ি জমালেন তার মা।
খিলগাঁওয়ে দাফন করা হবে হান্নানের মা ফরিদাকে। হান্নানরা ৪ ভাই ও ১ বোন।
বাংলাদেশের বয়সভিত্তিক দলের সঙ্গে ভালো কাজের স্বীকৃত হিসেবে হান্নান গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন। গাজী আশরাফ হোসেনকে প্রধান নির্বাচক করে সাবেক সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নানকে নিয়ে নতুন এই প্যানেল গঠন করা হয়। চলতি মার্চের ১ তারিখ থেকে দায়িত্ব নিয়েছে এই প্যানেল।
উলেখ্য, ২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেন হান্নান। টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান ও ওয়ানডেতে ১৯.১৫ গড়ে ৩৮৩ রান করেন তিনি। দুই ফরম্যট মিলিয়ে নামের পাশে আছে ৮টি অর্ধশতক।