ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়ছে লংকান শিবিরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ৪ অক্টোবর ২০২৩
বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়ছে লংকান শিবিরে
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা শুরু। আর একদিন পরেই মাঠে গড়াবে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। যেখানে অংশ নিতে এরই মধ্যে আয়োজক দেশ ভারতে পৌঁছে গেছে শ্রীলংকা। তবে বিশ্বকাপের আগমুহূর্তে এসে দুঃসংবাদ পেয়েছে লংকানরা।

চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরাকে। এমন পরিস্থিতির মধ্যে লংকান শিবিরে আরো একবার চোটের হানা।

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলংকা। সে ম্যাচেই চোটে পড়েছেন দাসুন শানাকা ও কুশল পেরেরা। লংকান অধিনায়ক শানাকা চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি। বাঁ হাতের কনুইয়ে টান লেগেছে তার। এমনিতেই ফর্মে নেই শানাকা। অধিনায়ক হওয়ার পরও দল থেকে বাদ পড়তে পারেন, এমন আলোচনাও আছে। সঙ্গে নতুন করে কনুইয়ের চোট শানাকাকে আরেকটু বিপাকেই ফেলল।

Advertisement

কুশল পেরেরা বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৪ বলে ৩৪ রান করে মাঠ ছেড়েছিলেন। সেদিন ডান কাঁধে ব্যথা অনুভব করার কারণে মাঠ ছেড়েছিলেন পেরেরা। যে ব্যথা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

এই দুই ক্রিকেটারের চোটের দিনে অবশ্য লংকান সমর্থকরা ভালো সংবাদও পাচ্ছেন। চোটের কারণে এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারা মহেশ থিকশানা দলের সঙ্গে ২৬ সেপ্টেম্বর ভারতে আসতে পারেননি। এই রহস্যময় স্পিনার গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!