গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
.png)
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, মনোয়ার হোসেন চৌধুরী নম্র, ভদ্র ও সৎ মানুষ ছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
কর্মজীবনে মনোয়ার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবন শেষে তিনি রাজনীতিতে সক্রিয় হন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও দলের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মনোয়ার হোসেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।