সোমবার হাংজুতে এশিয়াডের নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে ভারতের মেয়েরা। যেখানে লংকান মেয়েদের ১৯ রানে হারিয়ে দিয়েছে ভারত।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে ভারত। শেফালি ভার্মার (৯) দ্রুত বিদায়ে ওপেনিং জুটির অবসান হয়। অপর ওপেনার স্মৃতি মান্ধানা আর তিনে নামা জেমাইমা রদ্রিগেজ মিলে ৭৩ রানের জুটি গড়েন।
.png)
তাদের ব্যাটিংয়ে মনে হচ্ছিল, ১৩০ রানের কাছাকাছি যেতে পারবে ভারত। কিন্তু ৪৬ রান করে মন্ধানা আউট হওয়ার পরেই খেই হারায় ভারতের ব্যাটিং। এরপর জেমাইমাও ৪২ রান করে আউট হয়ে যান। পরের ব্যাটাররা রান করতে না পারায় ভারত ৭ উইকেটে ১১৬ রানে থামে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১২ রান নেন শ্রীলংকান অধিনায়ক চামারি আতাপাত্তু। চাপ বাড়ার আগেই মঞ্চে আবির্ভাব তিতাস সাধুর।
ম্যাচের দ্বিতীয় ওভারে আতাপাত্তুকে (১২) আউট করে শ্রীলংকাকে বড় ধাক্কা দেন সাধু। সেখান থেকে লংকানরা আর ঘুরে দাঁড়তে পারেনি। হাসিনি পেরেরা (২৫) ও নীলাক্ষি ডি সিলভার জুটিতে কিছুটা সময় তারা লড়াই করেছে।
শেষ ৪ ওভারে শ্রীলংকার জিততে দরকার ছিল ৪০ রান। পূজা বস্ত্রকর আউট করেন ২৩ রান করা নীলাক্ষিকে। শেষ পর্যন্ত ৯৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। এতে ১৯ রানের জয়ে সোনা জিতে নেয় ভারত।