গোলরক্ষককে বালতি ছুড়ে মেরে জেলে গেলেন দর্শক
অস্ট্রেলিয়ার লিগ ‘এ’তে মেলবোর্ন ভিক্টরির মুখোমুখি হয় মেলবোর্ন সিটি। তবে মেলবোর্ন ডার্বির ম্যাচে ঘটেছে অনাকাঙ্খিত এক ঘটনা। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে এক দর্শক সিটির গোলরক্ষক টম গ্লোভারের মুখে বালতি ছুড়ে মারেন। তখনই রক্তাক্ত হয়ে পড়েন গ্লোভার।
এ ঘটনার পরপরই হাসপাতালে নেয়া হয় সিটির গোলরক্ষক টম গ্লোভারকে। আর গোলরক্ষককে বালতি ছুড়ে মারার দায়ে ওই দর্শককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, গোলরক্ষকের ওপর হামলার ঘটনাটি ঘটেছে প্লে-অফ ফাইনাল চার বছরের জন্য সিডনিতে সরিয়ে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে। ম্যাচটি শুরু হওয়ার ২০ মিনিট পর মাঠে ঢুকে পড়েন অনেক দর্শক। সেখান থেকে এক দর্শক এই ঘটনা ঘটান।
কারাদণ্ডপ্রাপ্ত ওই দর্শকের নাম অ্যালেক্স অ্যাজেলোপুলোস। তার বয়স ২৩ বছর। আজ মেলবোর্নের ম্যাজিস্ট্রেট কারাদণ্ডের শাস্তি দেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। শুধু তাই নয়, ওই দর্শককে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
এই শাস্তি অবশ্য পেতে হয়নি অ্যালেক্সকে। জামিনে ইতোমধ্যে মুক্তিও পেয়েছেন তিনি। তার আইনজীবী ডারমট ড্যান কারাদণ্ডের সাজার বিরুদ্ধে যুক্তি দিয়ে বলেন, ওই সময়ে মাদকাসক্ত ছিলেন ওই দর্শক।
এদিকে দর্শকদের মাঠে ঢুকে পড়ার জন্য মেলবোর্ন ভিক্টরিকে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে ফুটবল অস্ট্রেলিয়া (এফএ)। একই সঙ্গে দলটিকে ‘উল্লেখযোগ্য’ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।