আসন্ন আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। তরুণদের নিয়ে গড়া দ্বিতীয় সারির স্কোয়াডটিকে নেতৃত্ব দেবেন বুমরাহ। আগামী আগস্টে ডাবলিনে অনুষ্ঠিত হবে ভারত-আইরিশ টি-২০ সিরিজটি।
অবশ্য এবারই প্রথম নয়, এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। ধারনা করা হচ্ছিল এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেওয়া রিতুরাজ গায়কোয়ার্ডকে আয়ারল্যান্ড সিরিজে অধিনায়ক করা হবে। কিন্তু বুমরাহ নিজ থেকে অধিনায়কত্বে আগ্রহী হওয়ায় তার কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছে।
.png)
মূলত এশিয়া কাপের আগে দলের সিনিয়র ও মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে। এশিয়ান গেমসে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বেশিরভাগই রয়েছেন আয়ারল্যান্ড সফরের দলে। আগামী ১৮ অগাস্ট শুরু হয়ে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে ভারত ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ।
ভারত টি-২০ দল: জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), রিতুরাজ গায়কোয়ার্ড, যশস্বী জসওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সাঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আভেশ খান।