ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

শান্ত-জাকির জুটিতে চাপে আফগানরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ১৫ জুন ২০২৩
শান্ত-জাকির জুটিতে চাপে আফগানরা
নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের চাপে রেখে ৩৭০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে থামে আফগানিস্তানের ইনিংস। পরে জাকির ও শান্তর জোড়া ফিফটিতে ৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জয়। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন এ ওপেনার। তার আগে ১৩ বলে খেলেন ১৭ রানের ইনিংস। নিজাত মাসুদ চোট পেলে তার জায়গায় ওভার সম্পন্ন করতে এসে উইকেট পান আমির হামজা।

Advertisement

জয় ফিরলেও এর পরের অংশটা নিজেদের করে নিয়েছেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে দুজনে গড়েছেন ৫৬ রানের জুটি। জাকির ৩১ ও শান্ত ২২ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক। শুরুতেই জীবন পান জাদরান। তার ক্যাচ তালুবন্দী করতে পারেননি লিটন দাস। তবে তার হাতেই ধরা পড়ে মাঠ ছাড়েন এ ওপেনার।

শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ৬ রান করেন জাদরান। এরপর জোড়া আঘাত হানেন এবাদত হোসেন। আরেক ওপেনার মালিককে ১৭ ও তিনে নামা রহমত শাহকে ৯ রানের বেশি করতে দেননি তিনি।

লাঞ্চ বিরতির পর চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। হাশমতউল্লাহ শাহিদিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শরিফুল। ৫১ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন নাসির জামাল ও আফসার জাজাই।

পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জামাল ও জাজাই। কিন্তু অল্প সময়ের মাঝেই দুজন ফিরলে ফের বিপদে পড়ে আফগানরা। এর আগে যথাক্রমে ৩৫ ও ৩৬ রান করেন দুই ব্যাটার।

আমির হামজা ৬ রানে ফিরলে ফলো অনের শঙ্কা আরো জোরালো হয়। শেষ দিকে করিম জানাত একাই লড়াই করেন। শেষ উইকেট হিসেবে ২৩ রানে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। 

বাংলাদেশের হয়ে এবাদত হোসেন একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!