ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

‘চুমুময়’ উদযাপনের কারণ জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ১৪ জুন ২০২৩
‘চুমুময়’ উদযাপনের কারণ জানালেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য শতকটি ‘বিশেষ’ হয়ে থাকবে তার জন্য। কেননা এবারই প্রথম ঘরের মাঠে শতক হাঁকিয়েছেন এ টপ অর্ডার ব্যাটার।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ টেস্টের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। যা টেস্ট ইতিহাসে প্রথম দিনে করা টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

এদিন বাঁহাতি স্পিনার আমির হামজার বলে একটি সিংগেল বের করে শান্ত পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদযাপনে আকাশ ছুঁতে চাইলেন। চাইবেন না-ই-বা কেন! এই সাফল্যগুলো তো রানের জন্য শান্তর সংগ্রামের দিনগুলো মনে করিয়ে দেয়। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি ‘চুমুময়’ সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শক।

Advertisement

এই উদযাপনের ব্যাখ্যা কী–কারো উদ্দেশ্যে কী শান্ত এ উদযাপন করেন? শান্ত জানালেন তেমন কিছুই নয়। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উদযাপন তো আসলে রান যখন করি না, তখন তো করতে পারি না। রান করার পর মন চায় উদযাপন করতে, এ জন্য করি আর কী। এটা কারো উদ্দেশ্যে নয়। আমার নিজের ভালো লাগার জন্য করি।’ 

তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৭০ ম্যাচ খেলা হয়ে গেছে শান্তর। কিন্তু দেশের মাঠে ছিল না কোনো সেঞ্চুরি। অবশেষে সেটিও আজ হয়ে গেল। এর আগে তিনটি সেঞ্চুরি করেছিলেন–পাল্লেকেলে, হারারেতে ও চেমসফোর্ডে। 

তবে দেশের মাঠে প্রথম সেঞ্চুরিকে ‘স্পেশাল’ বললেন শান্ত, ‘টেস্ট ম্যাচে সেঞ্চুরি অবশ্যই বিশেষ কিছু। আর নিজেদের মাঠে খেললে তো অবশ্যই বিশেষ। আর এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড, সে হিসেবে অবশ্য একটু বেশি স্পেশাল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!