তথ্য যাচাই করে প্রচারের আহ্বান লন্ডন হাইকমিশনের
বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ওয়েব পোর্টালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে মিশনটি। এ ধরনের প্রচার মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি তৈরি করতে পারে বলে জানিয়েছে হাইকমিশন।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনকে ঘিরে কিছু বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্যের কারণে মিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে প্রকৃত তথ্য তুলে ধরা এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সঠিক ধারণা নিশ্চিত করা জরুরি।
হাইকমিশন জানায়, তাদের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। পোর্টালটির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভিসাসংক্রান্ত সার্ভার ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কার্যক্রম বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করে। ফলে ভিসাসংক্রান্ত সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সরাসরি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই। তাই সার্ভারসংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য মিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয়।
হাইকমিশন আরও জানায়, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার ক্ষেত্রে আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিকভাবে জমা দিলে যত দ্রুত সম্ভব সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে হাইকমিশন। প্রবাসীদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও মিশন সচেষ্ট রয়েছে।
এ অবস্থায় হাইকমিশনের কার্যক্রম নিয়ে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে তা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।