এদিকে কাতার বিশ্বকাপের পাঁচ মাস না পেরোতেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করেছে ফিফা। আগামী বিশ্বকাপ গড়াবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতের মাটিতে। ওই আসরে সুযোগ পেতে হলে বাছাইয়ে লড়াই করে তবেই বিশ্বকাপের টিকিট কাটতে হবে আলবিসেলেস্তাদের।
২০২৬ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সেখানে দল সংখ্যাও বেড়েছে। ৩২ দল থেকে বেড়ে হয়েছে ৪৮ দল। এতে করে অনেকগুলো দল অংশগ্রহণের সুযোগ পাবে। বেড়েছে ম্যাচ সংখ্যাও। শেষ বিশ্বকাপ এক মাসের মধ্যে শেষ হলেও সামনের বিশ্বকাপ শেষ হতে সময় লাগবে প্রায় সোয়া ১ মাস।
.png)
কাতার বিশ্বকাপের সেমিফাইনালের আগে মেসি জানিয়েছিলেন এবারের (কাতার) বিশ্বকাপটিই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে সোনালি ট্রফি জয়ের পর জানিয়েছেন চ্যাম্পিয়ন হিসেবে আরো কিছুদিন খেলতে চান আর্জেন্টিনার হয়ে।
তবে কোচ স্কালোনি ও দলের অন্য সদস্যদের প্রত্যাশা ২০২৬ বিশ্বকাপও খেলুক মেসি। যেমনটা স্কালোনি বলেছেন, আগামী বিশ্বকাপে মেসি খেলতে চাইলে ১০ নম্বর জার্সিটা তারই থাকবে। তার জন্য আমার দরজা সবসময় খোলা। স্কালোনির এমন বক্তব্যের পর অবশ্য মেসির প্রতিক্রিয়া জানা যায়নি।
তবে বাস্তবতা হিসেব করলে মেসির বয়স অনুসারে ২০২৬ বিশ্বকাপ খেলাটা কঠিনই হবে। কেননা তখন এলএমটেনের বয়স গিয়ে ঠেকবে ৩৮ বছরে। এ সময়টাতে পারফরম্যান্স ধরে রাখাটা অনেক কঠিন। আর বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কেউই ছয়টি বিশ্বআসরে অংশ নেয়নি। শেষ পর্যন্ত মেসি যদি অংশ নেন তাহলে তা হবে বিশ্বরেকর্ড। তবে অনেকেই ধরে নিয়েছেন বিশ্বকাপের ২৩তম আসরে মেসিকে চাড়াই খেলতে যাবে আর্জেন্টিনা।
সে হিসেব করে ইতোমধ্যে শুরু হয়েছে মেসিকে ছাড়া কারা দায়িত্ব নেবে আর্জেন্টিনার। কেননা সে আসরে যে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিবে। মেসি-ডি মারিয়াদের ছাড়া আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে থাকতে পারে বেশ বড় পরিবর্তন। যেখানে ধারণা করা হচ্ছে দল গড়া হবে তরুণদের নিয়ে। তবে স্কোয়াডে বিশ্বকাপজয়ী কিছু তারকাও থাকতে পারেন। তবে মেসি যদি খেলেন সেক্ষেত্রে স্কোয়াডে কিছুটা পরিবর্তন আসতে পারে।
বয়সভিত্তিক দল ও ইউরোপ মিলিয়ে স্কালোনি নিজের সাড়ে চার বছরের চক্রে ৮৩ খেলোয়াড় পেয়েছেন। এর মাঠে নামিয়েছেন ৪৩ জন খেলোয়াড়কে। ধারণা করা হচ্ছে বাকিদের মধ্য থেকেও ২০২৬ বিশ্বকাপের জন্য ভাবা হবে।
২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ভ্যালেন্টিন বারকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারদেস, জিওভানি লো সোলসো, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো ও জুলিয়ান আলভারেজ।