ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ৮ মে ২০২৩
শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের শুরুটা হয়েছিল দারুণভাবে। তবে সময় যত গড়িয়েছে ততই যেন বিবর্ণ হয়ে পড়ছে আর্সেনাল। অবশেষে নিউক্যাসলকে পরাজয় উপহার দিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল গানার্সরা।

রোববার সেইন্ট জেমস পার্কে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে নিউক্যাসলকে হারিয়ে দিয়েছে আর্সেনাল। এ ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মাইকেল আর্তেতার দল।

এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে শিরোপার লড়াইয়ে আর্সেনালের ব্যবধান নেমে এলো ১ পয়েন্টে। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গানার্সরা। অবশ্য তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার দল।

Advertisement

এদিন পুরো ম্যাচে দুই দলের কেউ যেন কারো চেয়ে কম ছিল না। ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে নিউক্যাসল। আর্সেনালের ১০ শটের ৬টি লক্ষ্যে ছিল।

শুরুর কয়েক মিনিটে আর্সেনালকে কাঁপিয়ে দেয় নিউক্যাসল। দ্বিতীয় মিনিটে এগিয়েও যেতে পারত তারা। বাঁদিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জ্যাকব মার্ফির নেওয়া শট পোস্টে লাগে। পরের মিনিটে আরেকটি সুযোগ পায় স্বাগতিকরা। এবার আলেক্সান্দার ইসাকের শট ঝাঁপিয়ে ফেরান অ্যারন র‌্যামসডেল।

সপ্তম মিনিটে নিউক্যাসলের ব্রুনো গিমারেসের শট বক্সে আর্সেনালের ডিফেন্ডার ইয়াকুব কিজিওরের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পরে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। বল কিজিওরের হাতে লাগার আগে তার ঊরুতে লেগেছিল।

প্রতিপক্ষের আক্রমণের ঝাঁপটা সামলে চতুর্দশ মিনিটে ওডেগোরের চোখধাঁধানো গোলে এগিয়ে যায় আর্সেনাল। জর্জিনিয়োর পাস বক্সের বাইরে পেয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে জোরাল নিচু শটে গোলটি করেন নরওয়ের এই মিডফিল্ডার।

২০তম মিনিটে ডাবল সেভ করে ব্যবধান বাড়তে দেননি নিক পোপ। প্রথমে গাব্রিয়েল মার্তিনেলির শট ঠেকানোর পর ওডেগোরের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন এই ইংলিশ গোলরক্ষক।

আট মিনিট পর দারুণ সেভে জাল অক্ষত রাখেন র‌্যামসডেল। বক্সের ভেতর থেকে জো উইললকের শট পা বাড়িয়ে ঠেকান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি দুর্দান্ত সেভ করেন পোপ। কাছ থেকে ওয়ান-অন-ওয়ানে ওডেগোরের শট পা দিয়ে আটকে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার দুর্ভাগ্যের ফেরে গোল পায়নি নিউক্যাসল। এবার মার্ফির ক্রসে ইসাকের হেড পোস্টে লাগে। পরের মিনিটে ফের আর্সেনালের ত্রাতা র‌্যামসডেল। কাছ থেকে ফাবিয়ান শারের হেডে দারুণ রিফ্লেক্সে ঠেকান তিনি। দুই মিনিট পর মার্তিনেলির শট লাগে ক্রসবারে।

৭১তম মিনিটে প্রতিপক্ষের ভুলে ব্যবধান দ্বিগুণ হয় আর্সেনালের। আত্মঘাতী গোল করে বসেন শার। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে মার্তিনেলির কাট-ব্যাকে আসা বল নিউক্যাসল ডিফেন্ডারের বাড়িয়ে দেওয়া পায়ে লেগে জালে জড়ায়।

বর্তমানে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে নিউক্যাসল। তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা এরিক টেন হাগের দল দিনের পরের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে খেলবে। অন্যদিকে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!