বুধবার ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে শিরোপার দাবিদারের লড়াইয়ে মোঠে নেমেছিল ম্যান সিটি। এ ম্যাচে ঘরের মাঠে আর্সেনালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছেন কেভিন-হালান্ডরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরে সিটির ফুটবলাররা। তবে চাপ সামলে তেমন একটা আক্রমণেই উঠতে পারছিল না গানার্সরা। এ ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক কেভিন ডি ব্রুইন। এছাড়াও জন স্টোন্স ও আর্লিং হালান্ড একটি করে গোল করেছেন।
.png)
ম্যাচের শুরুর ৭ মিনিটেই আর্সেনালের জালে বল জড়িয়ে সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। এরপর ৩৫তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শটে কেবল হতাশাই বাড়ান থমাস পার্টি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি ব্রুইনের ফ্রি কিকে দারুণ কোনাকুনি হেডে লিড বাড়ান জন স্টোন্স। তবে রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। এর ফলে ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় হলান্ডরা।
বিরতি থেকে ফিরে আরো বিবর্ণ হয়ে পড়ে আর্সেনাল। ম্যাচের ৫৪তম মিনিটেই তৃতীয় গোল হজম করে দলটি। নরওয়ের ফরোয়ার্ড হালান্ডের পাস থেকে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ৩১ বছর বয়সী বেলজিয়ান মিডফিল্ডার।
তবে ম্যাচের শেষ দিকে অনেকটা গা ছাড়া ভাব দেখায় সিটি। এর ফলে গোলও হজম করে বসে দলটি। সুযোগ পেয়ে আর্সেনালের হয়ে ব্যবধান কমান হোল্ডিং। অন্যদিকে ততক্ষণে সিটির জয় অনেকটা নিশ্চিত। আর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে লিড বাড়ান হালান্ড।
এদিকে এই হারের পরও লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকলো আর্সেনাল, ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। এই জয়ে আর্সেনালের ঠিক পরেই আছে সিটি। আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে পেপ গার্দিওলার দল।