ফিফার কাঠগড়ায় বাফুফে, জেমি ডে’কে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
অনেকদিন হলো, বাংলাদেশ ফুটবল দলের কোচের পদে নেই জেমি ডে। তবে না থেকেও আবার আলোচনায় এই ইংলিশ কোচ। তার ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তলব করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
জেমি ডে বাংলাদেশ ছাড়লেও এখনো তার বকেয়া পাওনা বুঝে পাননি। যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানার নির্দেশ দিয়েছে ফিফা। জেমি ডে’র আপিলের ভিত্তিতেই বাফুফেকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।
জেমি ডে’র চুক্তিতে থাকা অবস্থায়ই তাকে চাকরিচ্যুত করেছিল বাফুফে। সেটা মেনে নিলেও চুক্তি অনুযায়ী জেমি ডে তার বেতন-ভাতা পেতে ফিফার কাছে আবেদন করেন। এ ইংলিশ কোচের আবেদনে সাড়া দিয়েছে ফিফা। এ বছর আগস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল জেমি ডের।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক প্রধান প্রশিক্ষক জেমি ডে তার বেতন ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফা’র নিকট আবেদন জানায়। তার প্রেক্ষিতে উক্ত আবেদন আংশিকভাবে গ্রহণ করতঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নির্দিষ্ট পরিমান আর্থিক কমপেনসেশন পরিশোধের অনুরোধ জানায় ফিফা। সংশ্লিষ্ট বিষয়ে ফিফার নিকট যথাযথ আপিল প্রক্রিয়া অনুসরণের জন্য বাফুফে লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে।
কোচ নিয়ে বাফুফের ক্ষতিপূরণ নতুন নয়। এর আগে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সহকারী রেনে কোস্টারের সঙ্গেও বাফুফের বেতন-ভাতা নিয়ে ঝামেলা হয়েছিল। তখন বাফুফেকে বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হয়েছিল।