ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘রোজা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ’
বিশ্বজুড়ে চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা এখন সিয়াম সাধনায় ব্যস্ত। আর এরই মধ্যে চলেছে উয়েফা চ্যাম্পিয়নশিপ। তাই বলে কি রোজা রাখবে না এতে অংশ নেয়া মুসলিম ফুটবলাররা? নাকি রোজা রাখতে এ মাসজুড়ে বন্ধ রাখবেন খেলাটাই!
এই দুটোর একটাও করছেন না রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। বরং রোজা রেখেই খেলে যাচ্ছেন এ মুসলিম ফরাসি স্ট্রাইকার। সারাদিন রোজা রেখে ইফতার সেরেই মাঠে নেমে পড়ছেন তিনি। শুধু নামছেনই না, দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এনে দিচ্ছেন কাঙ্ক্ষিত জয়।
গত বুধবার রাতে চেলসির বিপক্ষে ম্যাচের আগেও রোজা ছিলেন বেনজেমা। ম্যাচ শুরুর ১০-১৫ মিনিট আগে ইফতার সেরেছিলেন। আর এরপর মাঠে নেমেই করেন দলকে জেতানো দুর্দান্ত এক হ্যাটট্রিক।
রোজা যে তার পারফরম্যান্সে কোনো বাধা নয়; উল্টো আরো জীবনীশক্তি বাড়িয়ে দেয় তা আগেই বলেছিলেন বেনজেমা। রমজান শুরুর আগে তার সাক্ষাৎকার নেয় এস্কুইর মিডল ইস্ট। তাকে সাংবাদিক জিজ্ঞেস করেন, রমজানে আপনার রুটিন, সময়সূচী এবং প্রশিক্ষণ ব্যবস্থার উপর কী প্রভাব ফেলবে?
জবাবে বেনজেমা বলেন, ‘রোজা আমার উপর কোনো প্রভাব ফেলে না। এটা অসাধারণ এক অনুভূতি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমার জীবনের অংশ, যা ধর্ম আমার জন্য বাধ্যতামূলক করেছে। রোজা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
প্রশ্নকর্তা ফের জিজ্ঞেস করেন, (মুসলমানদের জন্য) এ মাস স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশের সময়। আপনি কিসের জন্য কৃতজ্ঞ? বেনজেমার সহজ জবাব, ‘আমি সুস্থ থাকার জন্য কৃতজ্ঞ। আমি যখন রোজা রাখি তখন আমি ভালো অনুভব করি।’