প্রোটিয়াদের ‘চালাকি’ ধরতে পারেনি বাংলাদেশ!
এশিয়ার বাইরে খেলতে গেলে বাংলাদেশ সবসময় পেস বোলিংয়েই প্রাধান্য দেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টেও হয়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি। তবে দক্ষিণ আফ্রিকার বিচক্ষণ সিদ্ধান্তে বাংলাদেশকে স্পিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় মনে করেন, প্রোটিয়াদের এই ‘চালাকি’তেই বাংলাদেশ ম্যাচ হেরেছে। উইকেটে স্পিন এতটা সহায়তা করবে, তা ম্যাচ শুরুর আগে বুঝতে পারেনি বাংলাদেশ।
এ কারণেই টস জিতে ফিল্ডিং কিংবা একাদশে মাত্র এক স্পিনার রাখার মত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, মনে করেন দুর্জয়। তিনি বলেন, ‘আমরা প্রথমেই উইকেট পড়তে ভুল করেছি। টিম কম্বিনেশনও বলব, অবশ্যই তাইজুলকে খেলানো উচিৎ ছিল। উইকেট বুঝতে না পারাতেই এই সমস্যা হয়েছে।’
দক্ষিণ আফ্রিকায় সাধারণত পেসাররাই ছড়ি ঘোরান। তবে দক্ষিণ আফ্রিকা এবার স্পিন বান্ধব উইকেটে নিজেদের রণ সাজিয়ে বাংলাদেশকে ‘ধোঁকা’ দিয়েছে, মনে করেন দুর্জয়। বিদেশের মাটিতে ভালো করার ক্ষেত্রে এসব ‘ধোঁকা’ ধরার ওপর জোর দিয়েছেন তিনি।
দুর্জয় বলেন, ‘ওদের স্পিনাররাই কিন্তু সফল হয়েছে। আর একটা ধারণা থাকে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এমন কন্ডিশনে হয়ত পেস বান্ধব উইকেটই থাকবে। যে কারণে আমরাও পেসে গুরুত্ব দিয়ে কম্বিনেশন বানাই।’
তিনি যোগ করেন, ‘কিন্তু ওরা ইদানীং হোম কন্ডিশন পাল্টে টার্নিং উইকেট, স্পিন বান্ধব উইকেট বানাচ্ছে। একটা ধোঁকার মত ব্যাপার মনে হয় আমার কাছে। এই চালাকিগুলো আমাদের ধরতে হবে।’