ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রয়ের বদলি হিসেবে আইপিএল খেলবেন গুরবাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৪, ৯ মার্চ ২০২২
রয়ের বদলি হিসেবে আইপিএল খেলবেন গুরবাজ
রহমানউল্লাহ গুরবাজ

জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বলে মানসিক অবস্থার কথা বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর থেকে নিজেকে সরিয়ে নেন গুজরাট টাইটান্সের ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। রয়ের বদলি হিসেবে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট।

গত ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন গুরবাজ। তার ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতেই এক মৌসুমের জন্য গুরবাজকে দলে নিয়েছে গুজরাট। ফলে প্রথমবারের মত আইপিএলে দল পেলেন গুরবাজ।

গুজরাটের তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএলে খেলবেন গুরবাজ। নিলামে লেগ স্পিনার রশিদ খান এবং নুর আহমেদকে আগেই দলে নিয়েছে গুজরাট।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ব্যাক আপ হিসেবে দলে সুযোগ হলো ওপেনার গুরবাজের। ওপেনার শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়েও দেখা যেতে পারে গুরবাজকে।

গুরবাজের টি-২০ রেকর্ড বেশ ভালো। দেশের হয়ে ২০ ম্যাচে ১৩৭ দশমিক ৬২ স্ট্রাইক রেটে ৫৩৪ রান করেন তিনি। আর সব মিলিয়ে ৬৯ ম্যাচে ১৫১ দশমিক ৮২ স্ট্রাইক রেটে ১৬২০ রান করেন গুরবাজ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে দুই ম্যাচের টি-২০তে মাত্র ৩ রান করেন তিনি। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে অপরাজিত ১০৬ রান করেছিলেন ২০ বছর বয়সী গুরবাজ।

আইপিএলের এবারের আসরের মেগা নিলাম থেকে রয়কে ২ কোটি রুপিতে দলে নিয়েছিলো গুজরাট।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যা শেষ হবে ২৯ মে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!