ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন গুরবাজ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এ ম্যাচে আফগানদের হয়ে অভিষেক হয়েছে রহমানুল্লাহ গুরবাজের। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন গুরবাজ। আরেক ওপেনার জাবেদ আহমাদিকে নিয়ে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন তিনি। ২২ ওভার ব্যাট করে দুজনে গড়েন ১২০ রানের জুটি। ৩৮ রান করে জাবেদ সাজঘরে ফিরলেও শতক তুলে নেন গুরবাজ। ১১৫ বলে শতকে পৌঁছান তিনি।
শতকের পর ১৯ বছর বয়সী গুরবাজ আরো বেশি মারকুটে হয়ে পড়েন। ব্যক্তিগত শেষ ১২ বলে আরো ২৭ রান যোগ করেন এই ডানহাতি। শেষ পর্যন্ত ১২৭ বলে ১২৭ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।
তার সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে আফগানিস্তান। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৮৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।
ওয়ানডেতে আজ অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশ আগে থেকেই খেলছেন গুরবাজ। আফগানিস্তানের হয়ে এরই মধ্যে ১০টি আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন তিনি। খেলেছেন বাংলাদেশের বিপক্ষেও। আন্তর্জাতিক টি-২০তে প্রায় ১৪১ স্ট্রাইক রেটে ৩৩২ রান করেছেন তিনি।