ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শেষ বলে ছয় হাঁকিয়ে দলকে জেতালেন বোল্ট
মাত্র ১০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে হারতেই বসেছিল দল। ব্যাটারদের ব্যর্থতায় সমীকরণ এমন দাঁড়ায় যে শেষ উইকেটে ম্যাচ জিততে শেষ বলে করতে হবে ৬ রান। এ সময় স্ট্রাইকে ছিলেন তারকা ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ফিল্ডিং দল হয়তো ভেবেই নিয়েছিল, ম্যাচটা জিততে চলেছে তারা।
তবে মূল পরিচয় বোলার হলেও এ ম্যাচে নিজের ব্যাটার স্বত্বার প্রকাশ ঘটালেন বোল্ট। শেষ বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়েই মাঠ ছাড়লেন তিনি। একই সঙ্গে নিশিচত করলেন দলের জয়ও।
ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশ কাপে। বৃহস্পতিবার আসরের ১৩তম ম্যাচে ক্যান্টাবুরির মুখোমুখি হয়েছিল বোল্টের দল নর্দার্ন ডিস্ট্রিক্টস। যেখানে ১০৭ রানের অল্প পুঁজি নিয়েও প্রায় সমানে সমান লড়েছে ক্যান্টাবুরি। তবে বোল্টের শেষ বলে হাঁকানো ছক্কায় ম্যাচ জিতেছে নর্দার্ন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নর্দার্নের শুরুটা দুর্দান্ত ছিল। প্রথম তিন ওভারেই তারা করে ফেলে ৩২ রান। যেখানে একাই ১০ বলে ৩০ রান করেন ক্যাটেন ক্লার্ক। ফলে বাকি ১৭ ওভারে দরকার থাকে আর ৭৬ রান। কিন্তু চতুর্থ ওভারে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন ক্যাটেন। তখনই ঘটে বিপত্তি।
টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটাররা হতাশ করলে ১৮ ওভার শেষে নর্দার্নের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৯৩ রান। তখন সমীকরণ ছিল ১২ বলে ১৫ রানের। তবে হাতে পাঁচ উইকেট থাকায় নর্দার্নই ছিল ফেবারিট। এমন সময় ১৯তম ওভারে মাত্র ৭ রান খরচায় ১ উইকেট নেন কল ম্যাকঞ্চি। ফলে শেষ ওভারে বাকি থাকে ৮ রান।
তখনই ভেলকি দেখান এড নাত্তাল। শেষ ওভারের প্রথম পাঁচ বলে মাত্র ২ রান খরচ করে তিন উইকেট তুলে নেন তিনি। ফলে শেষ বলে ১ উইকেট হাতে রেখে ৬ রান বাকি থাকে নর্দার্নের। সেটিতেই ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বোল্ট। যিনি বল হাতে ২১ রান খরচায় নিয়েছিলেন ২টি উইকেট।