ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৯ বছর আগের রেকর্ড ভাঙলেন রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ১০ ডিসেম্বর ২০২১
১৯ বছর আগের রেকর্ড ভাঙলেন রুট
জো রুট

চলমান অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে বিপদে পড়া দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংস হতাশায় কাটলেও দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি। একইসঙ্গে ভেঙেছেন ১৯ বছর আগের এক রেকর্ড।

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষে অনেকেই ভেবেছিলেন, তারা হয়তো বিনা যুদ্ধে পরাজয় বরণ করতে যাচ্ছে। কিন্তু রুট-মালানের অবিচ্ছিন্ন ১৫৯ রানের জুটিতে ম্যাচে ফিরেছে ইংলিশরা।

অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৮৬ রানে অপরাজিত আছেন রুট। এর মাধ্যমেই ইংল্যান্ডের ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড দখল করেছেন তিনি, ভেঙেছেন ২০০২ সালে মাইকেল ভনের রেকর্ড।

Advertisement

চলতি বছর টেস্টে রুটের মোট রান ১৫৪১। ভন ২০০২ সালে ১৪৮১ রান করেছিলেন। রুট এর আগেও এক ক্যালেন্ডার বছরে ১৪০০-র উপর রান করেছিলেন। ২০১৬ সালে রুটের ব্যাট থেকে আসে ১৪৭৭ রান। তার আগের বছর করেছিলেন ১৩৮৫ রান। 

২০১৬ সালে জনি বেয়ারস্টো একবার ভনের রেকর্ড ভাঙার কাছাকাছি পৌঁছেছিলেন। সেই বছর ১৪৭০ রান করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর পারেননি।

উল্লেখ্য, ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। অজিদের থেকে ৫৮ রানে পিছিয়ে আছে তারা। দিনশেষে মালান ১৭৭ বলে ৮০* আর রুট ১৫৮ বলে ৮৬* রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!