পিসিবির নতুন প্রধান নির্বাচক হতে পারেন আকরাম!
ক্রিকেট বিশ্বকাপে ভরাডুবির পর ঢেলে সাজানো হয় পাকিস্তান ক্রিকেট দলকে। গত বছরের সেপ্টেম্বরে পালাবদলের ধারায় পাকিস্তান দলের প্রধান নির্বাচক এবং প্রধান কোচের দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক। নানা বিতর্কের মুখে পরে প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন তিনি। তার জায়গায় আসতে পারেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আকরাম।
বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছেন আকরাম। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের খুবই ঘনিষ্ঠ। তার চাওয়া, ইংল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা আছে এমন কাউকে বোর্ডের দায়িত্ব দেয়া।
বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন আকরাম। এছাড়া তার ইংল্যান্ডে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। বলা যায় এসব কারণেই প্রধান নির্বাচক পদে মিসবাহর স্থলাভিষিক্ত হওয়ার পথে এগিয়ে আছেন তিনি।
পিসিবির একটি সূত্র, 'পাকিস্তান ক্রিকেট ডট কমকে' বলেছে, 'মোহাম্মদ আকরাম প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আছেন। তবে একই সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্জাইজিরও দায়িত্ব পালন করে যেতে চান তিনি।'
জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে পুরনো পদ্ধতিতে ফিরে যাচ্ছে পিসিবি। বর্তমানে আঞ্চলিক দলগুলোর কোচদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করে আসছিল। এবার আর সেই কমিটি থাকছে না। চার অথবা পাঁচ সদস্যের একটি প্যানেল এখন থেকে খেলোয়াড় নির্বাচনের দায়িত্ব পালন করবে।