তিন দলের টুর্নামেন্ট; সুপার সাব কোটায় লেগ স্পিনাররা
শ্রীলংকা সফর স্থগিত হওয়ার পরপরই ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের ওপর জোর দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। এখানে লেগ স্পিনারদের ভালোভাবে সুযোগ দিতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন দলের এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে প্রেসিডেন্ট কাপ ২০২০। তিনটি দলের নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত। তাদের নামেই দলের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনটি দলের জন্য তিনজন লেগ স্পিনার ঠিক করে দিয়েছে বিসিবি। তারা হচ্ছেন যথাক্রমে রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি এবং আমিনুল ইসলাম বিপ্লব খেলবেন। এই তিনজনের জন্য সুপার সাব সিস্টেমের প্রবর্তন করেছে ক্রিকেট বোর্ড। এই নিয়ম অনুযায়ী ব্যাটিং না করলেও প্রতিটি ম্যাচে বোলিং করবেন তারা।
তিন দলীয় এই ওয়ানডে টুর্নামেন্টের সব ম্যাচই দিবা রাত্রির হবে। তবে সিরিজটি নিয়ে এখনো বিস্তারিত সব কিছু জানায়নি বিসিবি। বিশেষ সূত্রে জানা গেছে, জাতীয় দল, এ দল ও হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের নিয়ে তিনটি দল গঠন করা হবে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পর ২৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে।