ধোনিকে মিস করছি: সাক্ষী
অন্যবারের চেয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নানা দিক দিয়েই আলাদা। মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ত্রয়োদশ আসর। স্বামী মহেন্দ্র সিং ধোনির কাছে থাকতে না পেরে তাকে মিস করছেন বলে জানিয়েছেন স্ত্রী সাক্ষী ধোনি।
এর আগে সব আইপিএলেই গ্যালারিতে দর্শকদের পাশাপাশি ক্রিকেটারদের স্ত্রী ও পরিবারের সদস্যদের দেখা গেছে। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। কারণ সেটি করতে গেলে ক্রিকেটারদের মতো তার পরিবারের সদস্যদেরও কমপক্ষে দুই মাস জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে।
জৈব সুরক্ষা বলয় মানেই বাইরে বের হওয়া একদম মানা। বদ্ধ অবস্থায় থাকতে হবে পুরোটা সময়। তাই বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা ও রোহিত শর্মার স্ত্রী রীতিকা ছাড়া অধিকাংশ ক্রিকেটারেরই পরিবার দেশে রয়েছেন।
ধোনি পত্নী সাক্ষীও মেয়ে জিভাকে নিয়ে টিভিতেই আইপিএল উপভোগ করছেন। মাঠে গিয়ে গলা ফাটানোর সেই উন্মাদনা তাকে স্বাভাবিক ভাবেই স্পর্শ করছে না। তবে মাঠের উন্মাদনা নয়, সাক্ষী আসলে মিস করছেন মহেন্দ্র সিং ধোনিকে।
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষী বলেন, এবার স্টেডিয়ামে থেকে আইপিএলের ম্যাচ দেখা হচ্ছে না। তবে সেটা খুব একটা মিস করছি না। কারণ টিভিতেই মন দিয়ে খেলা দেখছি। আসলে আমি মিস করছি আমার স্বামীকে। অবশ্য সেখানে গেলে দু’মাসেরও বেশি সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হতো। আমার ও জিভার পক্ষে তা মুশকিল হয়ে পড়ত।